

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি ॥
ঝিনাইদহ-৪ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবু তালিব বুধবার দুপুরে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। তার সঙ্গে ছিলেন কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা ওলিউর রহমান।
পরিদর্শনকালে তারা হাসপাতালে ভর্তি রোগীদের খোঁজখবর নেন এবং চিকিৎসা সেবার মান সম্পর্কে বিস্তারিত জানতে চান। এ সময় মাওলানা আবু তালিব বলেন, “মানুষের সেবাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। অসুস্থ, দরিদ্র ও বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”
তিনি হাসপাতালের চিকিৎসক ও সেবিকাদের আন্তরিকতার প্রশংসা করেন এবং বলেন, “স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। আমরা চাই প্রত্যেক নাগরিক যেন মানসম্মত চিকিৎসা সেবা পায়।” তিনি ভবিষ্যতে স্বাস্থ্যসেবা আরও উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
এ সময় উপজেলা জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের সঙ্গে কথা বলেন ও তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।
স্থানীয় জনসাধারণ জামায়াত মনোনীত এই দুই প্রার্থীর মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
