

কুষ্টিয়া প্রতিনিধি:
নারী শিক্ষাপ্রতিষ্ঠানে (গার্লস কলেজ) শিক্ষকতা করার কারণে কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দারকে দলীয় দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হিসেবে জেলা জামায়াতের নতুন সেক্রেটারি মনোনীত হয়েছেন কুষ্টিয়া শহর শাখার আমির মো. এনামুল হক।
সোমবার (১৩ জুলাই) রাতে জেলা জামায়াতে ইসলামীর এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ সাংগঠনিক পরিবর্তনের তথ্য জানানো হয়।
দলীয় সূত্র জানায়, সোমবার অনুষ্ঠিত জেলা কর্মপরিষদের বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী নারী শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত কোনো পুরুষ সদস্য বা রুকন দলীয় কোনো সাংগঠনিক পদে দায়িত্ব পালন করতে পারবেন না। গঠনতন্ত্রের এ বিধান কার্যকর করতেই সুজাউদ্দিন জোয়ার্দারকে অব্যাহতি দিয়ে নতুন সেক্রেটারি হিসেবে এনামুল হককে দায়িত্ব দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া জেলা জামায়াতের আমির খন্দকার এ কে এম আলী মহসিন বলেন, এটি সংগঠনের কেন্দ্রীয় সিদ্ধান্ত। এই নির্দেশনার আওতায় নারী শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত দেশের সাতজন নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কুষ্টিয়ায় সৃষ্ট শূন্য পদে তাৎক্ষণিকভাবে শহর শাখার আমির মো. এনামুল হককে জেলা সেক্রেটারির দায়িত্ব দেওয়া হয়েছে।
অব্যাহতি পাওয়া সুজাউদ্দিন জোয়ার্দার বর্তমানে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান ডক্টর ফজলুল হক গার্লস কলেজের শিক্ষক হিসেবে কর্মরত। তিনি জানান, জেলা সেক্রেটারি হওয়ার অনেক আগেই তিনি ওই শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা শুরু করেছিলেন। সে সময় গঠনতন্ত্রের এ বিধান শিথিল থাকায় দায়িত্ব পালনে কোনো বাধা ছিল না।
দলীয় সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি বলেন, এটি কেন্দ্রীয় কমিটির নেওয়া সারা দেশের রুকনদের জন্য প্রযোজ্য একটি সিদ্ধান্ত। তাই এ বিষয়ে তার কোনো ক্ষোভ বা আক্ষেপ নেই। ভবিষ্যতে শিক্ষকতার পেশা ছেড়ে দিলে তাকে পুনরায় দলীয় দায়িত্বে ফিরিয়ে আনার সুযোগ থাকতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
