

চৌগাছা প্রতিনিধি :
যশোরের চৌগাছায় থানা পুলিশের চলমান বিশেষ অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৪ মে) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে উপজেলার কংশারীপুর (মৃধাপাড়া) গ্রামের একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, চৌগাছা থানার এসআই (নিঃ) মো. মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় কংশারীপুর গ্রামের ইব্রাহীমের ছেলে মো. রাসেল (২০)-কে তার বসতবাড়ির উঠান থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চৌগাছা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
চৌগাছা থানা পুলিশ আরও জানায়, মাদক ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
