

চৌগাছা প্রতিনিধি:
যশোরের চৌগাছা পৌরসভায় স্থায়ী সরকারি কবরস্থান প্রতিষ্ঠার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দিয়েছে এবি পার্টির একটি প্রতিনিধি দল। একই সঙ্গে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে নাগরিকদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা একটি গাছ অপসারণের দাবিতেও পৃথক স্মারকলিপি দেওয়া হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলামের নিকট এসব স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, চৌগাছা পৌরসভা প্রতিষ্ঠার দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখনো পৌর এলাকায় জনসাধারণের দাফনের জন্য কোনো নির্ধারিত সরকারি বা পৌর কবরস্থান নেই। ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধি এবং আবাদি ও বসতভিটার জমি কমে যাওয়ায় ভবিষ্যতের প্রয়োজন বিবেচনায় একটি সুপরিকল্পিত ও স্থায়ী কবরস্থান স্থাপন জরুরি হয়ে পড়েছে।
এবি পার্টির নেতারা বলেন, আগামী ৫০ থেকে ১০০ বছরের প্রয়োজন বিবেচনায় এখনই পরিকল্পিতভাবে কবরস্থানের জন্য জায়গা নির্ধারণ ও ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
এদিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পাচনামনা এলাকায় রাস্তার পাশে থাকা একটি বড় গাছের কারণে স্থানীয়দের চলাচলে সমস্যা সৃষ্টি হচ্ছে উল্লেখ করে সেটি অপসারণের দাবিতে এলাকাবাসীর গণস্বাক্ষর সম্বলিত আরেকটি স্মারকলিপি জমা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ, চৌগাছা উপজেলা এবি পার্টির আহ্বায়ক কমিটির প্রধান সমন্বয়ক মেহেদী হাসান শিপলু এবং জারিফ ইসলাম।
