

ঢাকা প্রতিনিধি:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম সাংগঠনিক ছুটিতে গেছেন। একই সঙ্গে সংগঠনের কেন্দ্রীয় কমিটির আরও আটজন সম্পাদককে নিয়মিত সাংগঠনিক প্রক্রিয়ার অংশ হিসেবে ছুটি দেওয়া হয়েছে।
সোমবার (১৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ। তিনি জানান, বর্তমান সেশনের ষান্মাসিক সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে কেন্দ্রীয় কমিটির মোট ৯ জন সম্পাদককে সাংগঠনিক ছুটি দেওয়া হয়েছে।
সাংগঠনিক ছুটিতে যাওয়া অন্য নেতারা হলেন— কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদী, এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ, ছাত্র অধিকার সম্পাদক মুহিবুর রহমান মুহিব, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলাম, ব্যবসায় শিক্ষা সম্পাদক নুরুল হুদা, পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলন, বিতর্ক সম্পাদক হাবিবুর রহমান আরমান এবং দাওয়াহ সম্পাদক শাহীন আহমেদ।
এদিকে সাংগঠনিক ছুটিতে যাওয়ার পর সোমবার বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক আবেগঘন স্ট্যাটাস দেন সাদিক কায়েম। সেখানে তিনি লেখেন, দীর্ঘ একটি সোনালি অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। ইসলামী ছাত্রশিবিরে কাটানো সময়কে তিনি জীবনের সবচেয়ে সুন্দর ও ফলপ্রসূ সময় হিসেবে উল্লেখ করেন।
স্ট্যাটাসে তিনি বলেন, ছাত্রশিবির তাকে দেশ ও জাতির জন্য ভাবতে, নেতৃত্বের গুণাবলি অর্জন করতে এবং আত্মিক ও আদর্শিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সংগঠনের দায়িত্বশীল, সহযোদ্ধা ও কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি ছাত্রশিবিরের আন্দোলন-সংগ্রামের সফলতা এবং সংশ্লিষ্ট সবার জন্য দোয়া কামনা করেন।
উল্লেখ্য, সাদিক কায়েম বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সমন্বয়কের দায়িত্বও পালন করেন। খাগড়াছড়ির বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ মাদরাসা থেকে দাখিল এবং বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসা থেকে আলিম সম্পন্ন করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
