

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছা উপজেলায় জমির ধান বহনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দুই যুবক আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মাগুরা ইউনিয়নের ঘোড়দাহ মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— ঘোড়দাহ গ্রামের মাজিদের ছেলে রোহান (১৭) ও শাহিদ (২০)। গুরুতর আহত অবস্থায় তাদের যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জমির ধান বহন করা নিয়ে একই গ্রামের জনি (৩০), ইউসুফ (১৮) ও স্বাধীন (১৬)-এর সঙ্গে রোহান ও শাহিদের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে বিরোধের জেরে অভিযুক্তরা লোহার হ্যান্ডেল দিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে রোহান ও শাহিদের মাথায় গুরুতর আঘাত ও কাটা জখম হয়।
পরে পরিবারের সদস্যরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত।
