

নিউজ ডেস্ক:
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও গণভোট আয়োজনের বিষয় নিয়ে বৈঠকে বসেছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ। সোমবার (৩ অক্টোবর) সকাল ১০টার আগে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।
জানা গেছে, বৈঠকে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া, গণভোটের সময়সূচি ও প্রশাসনিক প্রস্তুতিসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। বৈঠক শেষে বেলা সাড়ে ১২টার দিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে সংবাদ ব্রিফিং অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট ইস্যু ঘিরে ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক শুরু হয়েছে। জুলাই আন্দোলনের নেতৃত্বে থাকা ছাত্রসংগঠন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, “যেকোনো দিন গণভোট অনুষ্ঠিত হতে পারে।”
অন্যদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন আটদলীয় জোট বলেছে, “নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন করতে হবে।”
এদিকে বিএনপি নেতারা জানিয়েছেন, “সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে গণভোট আয়োজন হলে তাদের আপত্তি নেই।”
এ বিষয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল সম্প্রতি বলেছেন, “গণভোটের সময় ও প্রক্রিয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা নিজেই।”
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া এবং গণভোটের সময়সূচি আসন্ন জাতীয় নির্বাচনের রাজনীতিকে সরাসরি প্রভাবিত করবে।
