

ঝিকরগাছা প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের কুমড়ি গ্রামে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার জেরে মনসুর আলীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, গভীর রাতে দুর্বৃত্তরা তাদের বসতঘরে আগুন লাগিয়ে দেয়। এতে ঘরের আসবাবপত্রসহ মূল্যবান মালামাল পুড়ে যায়। ঘটনার পর থেকে পরিবারটি চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে।
রবিবার (২২ ফেব্রুয়ারি) ঘটনাস্থল পরিদর্শন করেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাৎক্ষণিকভাবে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।
পরিদর্শনকালে এমপি ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বলেন, “এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ক্ষতিগ্রস্ত পরিবারকে দ্রুত পুনর্বাসনের জন্য উপজেলা পরিষদের মাধ্যমে একটি নতুন ঘর নির্মাণ করে দেওয়া হবে।”
স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
