
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি:
ঝিকরগাছায় জামায়াত কর্মীদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
যশোরের ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের শ্রীচন্দ্রপুর গ্রামে জামায়াতের কর্মীদের ওপর বিএনপি নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটে শনিবার (৩১ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে। অভিযোগ অনুযায়ী, ওই সময় মহিলা জামায়াতের ১০–১২ জন কর্মী দাড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চাইতে গ্রামে গেলে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাদের বাধা দেয়। এসময় নারী কর্মীদের হেনস্তার চেষ্টা করা হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
পরিস্থিতির খবর পেয়ে যুব জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের ৮–১০ জন নেতা-কর্মী ঘটনাস্থলে যান। তারা ভোটের প্রচারে বাধা প্রদানকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার ছবি তুলতে গেলে বিএনপি কর্মীরা মুস্তাকিম হাসানের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় বাধা দিলে এসএস পাইপ, বাঁশ ও লোহার রড দিয়ে হামলা চালানো হয়। পরে ১২–১৫ জনের একটি সংঘবদ্ধ দল ধারালো দা, এসএস পাইপ, লোহার রড ও বাঁশ হাতে নিয়ে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। হামলায় একটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
হামলায় আহত হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের কর্মী মুস্তাকিম হাসান ও বায়জিদ এবং যুব জামায়াতের কর্মী জহিরুল ইসলাম। আহত মুস্তাকিম হাসান জানান, তিনি ঝিকরগাছা ইউনিয়নের ঝাওদিয়া গ্রামের কামাল ফারুকির ছেলে। আহতরা ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় লিখিত অভিযোগের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
