

ঝিকরগাছা প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছায় তুলা চাষ সম্প্রসারণ ও কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর চাষাবাদে উৎসাহিত করতে কৃষক র্যালি, আলোচনা সভা ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) বিকেলে উপজেলার পানিসারা ইউনিয়নের গাবুরাপুর মাঠে তুলার গবেষণা, উন্নয়ন ও প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসন-৩১৪-এর সংসদ সদস্য মোছা. সাবিরা সুলতানা মুন্নী।
প্রধান অতিথির বক্তব্যে সাবিরা সুলতানা মুন্নী বলেন, দেশে তুলা চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে তুলা উৎপাদন বাড়াতে কৃষকদের এগিয়ে আসতে হবে। সরকার তুলা চাষে বিনামূল্যে প্রয়োজনীয় উপকরণসহ সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দেবে। প্রয়োজনে সহজ শর্তে ব্যাংক ঋণের ব্যবস্থাও করা হবে।
তিনি আরও বলেন, তুলার আমদানি-নির্ভরতা কমাতে দেশে তুলা চাষের পরিধি বাড়ানো জরুরি। বস্ত্রশিল্পের অন্যতম প্রধান কাঁচামাল তুলা হওয়ায় এর উৎপাদন বাড়লে কৃষকের পাশাপাশি দেশের অর্থনীতিও উপকৃত হবে।
ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাইফুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তুলা উন্নয়ন বোর্ডের আঞ্চলিক কার্যালয়, যশোরের উপপরিচালক মো. মোজাদ্দীদ আল শামীম ও কীটপতঙ্গ বিশেষজ্ঞ ড. তাসফিকুর রহমান সনেট। অনুষ্ঠান পরিচালনা করেন তুলা উন্নয়ন বোর্ড, যশোর জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান।
আলোচনা সভা শেষে কৃষকদের মধ্যে শিমুল তুলার চারা বিতরণ করা হয়। পাশাপাশি প্রায় ৬৯০ বিঘা জমিতে তুলা চাষের জন্য কৃষকপ্রতি প্রায় ৮ হাজার টাকা মূল্যের বীজ, সার, কীটনাশক, ছত্রাকনাশক ও বৃদ্ধিবর্ধকসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, পানিসারা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মীর আব্দুর রকীব, নির্বাসখোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হবিবর রহমান হবি, প্রেসক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম, কটন ইউনিট অফিসার অহেদুজ্জামান, আসাদুজ্জামানসহ প্রায় ৮০ জন তুলাচাষী কৃষক ও কৃষাণী উপস্থিত ছিলেন।
বক্তারা আধুনিক প্রযুক্তিনির্ভর তুলা চাষ সম্প্রসারণের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, কৃষকের আয় বাড়ানো এবং দেশে তুলা উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
