

ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ ও তাঁর সাহিত্য-দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ-২০২৬’ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় ঝিকরগাছা উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক এম সাইফুল্লাহ জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে সাম্যের কবি, দ্রোহের কবি ও অসাম্প্রদায়িক চেতনার কবি হিসেবে উল্লেখ করেন। তিনি কবির বিভিন্ন কাব্য ও সাহিত্যকর্মের কালজয়ী লেখনির উদ্ধৃতি দিয়ে নজরুলের জীবন, সাহিত্য ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শহীদ মশিউর রহমান ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক কে এম বদিয়ার রহমান।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অয়ালীয়ার রহমান, ঝিকরগাছা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন নবী মুরাদ।
উপজেলা একাডেমিক সুপারভাইজার এম কামরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, দপ্তর সম্পাদক ও সম্মিলনী মহিলা কলেজের সদ্য অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক কে এম ইদ্রিস আলী, ছাত্র প্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা।
বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
