

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছায় নানা আয়োজনের মধ্য দিয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্তকরণ এবং সফল মৎস্য চাষীদের সম্মাননা প্রদান করা হয়।
রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. সাইফুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মোছা. সাবিরা সুলতানা।
প্রধান অতিথির বক্তব্যে সাবিরা সুলতানা বলেন, মা-মাছ সংরক্ষণের মাধ্যমে দেশি মাছের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে হবে। মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি স্থানীয় চাহিদা পূরণ করে বিদেশে মাছ রপ্তানির মাধ্যমে জাতীয় অর্থনীতিতে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ রয়েছে।
তিনি আরও বলেন, নতুন করে পুকুর বা জলাশয় তৈরির চেয়ে বিল, বাওড়, উন্মুক্ত জলাশয় ও নদ-নদীকে মাছ চাষের উপযোগী করে গড়ে তুলতে দীর্ঘমেয়াদি ও টেকসই প্রকল্প গ্রহণ করা প্রয়োজন। দল-মত নির্বিশেষে দেশের মানুষ যেন মৎস্য খাতের সুফল পায়, সে লক্ষ্যেই কার্যকর উদ্যোগ নিতে হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নান্নু রেজা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নুরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রশিদ, থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান, বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম ও উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম মোল্লা।
এছাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন নবী মুরাদ, প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম এবং সফল মৎস্য চাষী আলহাজ্ব মিজানুর রহমান ও মো. আনিস উর রহমান বক্তব্য দেন।
এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে যশোর-বেনাপোল মহাসড়কের উপজেলা মোড় প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন প্রধান অতিথি।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে মৎস্য খাতে বিশেষ অবদান রাখায় তিনজন সফল মৎস্য চাষীর হাতে ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেওয়া হয়।
