

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি :
যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারভ ইউনিয়নের গুণনগর গ্রামে শহীদ ওসমান হাদির স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে স্থানীয় উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর–২ (চৌগাছা–ঝিকরগাছা) আসনের সংসদীয় প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। তিনি শহীদ ওসমান হাদির আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, “ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে শহীদদের ত্যাগ ইতিহাসে চির অম্লান হয়ে থাকবে। তাঁদের আদর্শ অনুসরণ করেই একটি মানবিক সমাজ গড়ে তুলতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল আলিম। তিনি বলেন, শহীদদের আত্মত্যাগ আমাদের জন্য প্রেরণার উৎস। তাদের আদর্শ ধারণ করেই সমাজে ন্যায়বিচার ও সত্যের পথে অগ্রসর হতে হবে।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন স্থানীয় আলেম-ওলামা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ, জাতি এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
দোয়া মাহফিলে স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়, যা পুরো অনুষ্ঠানকে আরও ভাবগম্ভীর ও অর্থবহ করে তোলে।
