

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত গভীর রাতে বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির একটি কক্ষের জানালার নিচের অংশ কেটে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা চুরি সংঘটিত করে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, চোরেরা ওই কক্ষ থেকে দুটি সিলিং ফ্যান এবং শিক্ষার্থীদের মিড-ডে মিল কর্মসূচির খাবার রান্নার কাজে ব্যবহৃত তিনটি ডেক্সি চুরি করে নিয়ে যায়। এছাড়া যাওয়ার সময় কক্ষের ভেতরের বিভিন্ন আসবাবপত্র ও শিক্ষা উপকরণ এলোমেলো করে রেখে যায়।
রোববার সকালে শিক্ষকরা বিদ্যালয়ে এসে শ্রেণিকক্ষের জানালার অংশ কাটা এবং ভেতরের জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখে চুরির বিষয়টি নিশ্চিত হন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার শাহাজাদী বানু বলেন, “সকালে বিদ্যালয়ে এসে চুরির বিষয়টি জানতে পারি। বিষয়টি উপজেলা শিক্ষা অফিসকে অবহিত করা হয়েছে। বিদ্যালয় থেকে ফিরে ঝিকরগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হবে।”
বিদ্যালয়ে চুরির ঘটনায় স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত চুরি হওয়া মালামাল উদ্ধার, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।
