

ঝিকরগাছা প্রতিনিধি :
যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা বাজার এলাকায় সড়কের দু’পাশে গড়ে ওঠা অবৈধ দখল উচ্ছেদে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা ও পৌর প্রশাসন। অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনাকারীদের আগামী ৭ দিনের মধ্যে নিজ দায়িত্বে স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে ঝিকরগাছা পৌরসভার বাজার এলাকা সরেজমিন পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক সাফফাত আরা সাঈদ। এ সময় তিনি সড়কের দু’পাশে গড়ে ওঠা অবৈধ দোকান, স্টল ও স্থাপনা অপসারণে দখলদারদের সতর্ক করেন।
পরিদর্শনকালে ইউএনও সাফফাত আরা সাঈদ বলেন, যশোর-বেনাপোল মহাসড়ক একটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক। কিন্তু সড়কের ওপর ও পাশে অবৈধভাবে দোকান বসানোর কারণে যান চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং জনদুর্ভোগ বাড়ছে। জনস্বার্থে সড়ক দখলমুক্ত রাখা জরুরি।
তিনি আরও বলেন, “আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) বলেছেন, কেউ যদি রাস্তা থেকে একটি কাঁটা সরিয়ে দেয়, সেটিও সদকায়ে জারিয়া হিসেবে গণ্য হয়। অথচ রাস্তার ওপর স্থাপনা নির্মাণ করে মানুষের চলাচলে বাধা সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
ইউএনও দখলদারদের উদ্দেশ্যে সতর্ক করে বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে স্বেচ্ছায় সকল অবৈধ স্থাপনা সরিয়ে নিতে হবে। অন্যথায় প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
এ সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ জালাল আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা আমির মাওলানা আব্দুল আলিম, প্রচার ও মিডিয়া সম্পাদক শেখ আবিদুর রহমান, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পৌর সভাপতি আসাদুজ্জামান আসাদ, পৌর জামায়াতের আমির আব্দুল হামিদ, অফিস সম্পাদক আব্দুল কাদের এবং ছাত্র সমন্বয়ক আখি খাতুনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয় সচেতন মহল। তারা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সড়ক দখলমুক্ত করার দাবি জানিয়েছেন।
