

আল আমিন খান কালীগঞ্জ প্রতিনিধি :
ঝিনাইদহ-৪ নির্বাচনী এলাকার ১০ নং কাষ্টভাঙ্গা ইউনিয়নের উদ্যোগে এক প্রাণবন্ত নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৩টা থেকে ইউনিয়নের সাঁকোরবাজারে শুরু হওয়া এ সমাবেশে স্থানীয় ভোটার ও এলাকাবাসীর উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঝিনাইদহ-৪ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবু তালিব। নির্বাচনী প্রচার-প্রচারণার শুরু থেকেই জনগণের ব্যাপক সাড়া পাওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকার উন্নয়ন, সুশাসন ও জবাবদিহিতামূলক রাজনীতি প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা ওলিউর রহমান। তিনি বলেন, “অবহেলিত এ অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে জনগণের ভোটই হবে আমাদের শক্তি।”
এছাড়াও বক্তব্য দেন জামায়াতে ইসলামী কালীগঞ্জ থানা শাখার সেক্রেটারি লুৎফর রহমান এবং কাষ্টভাঙ্গা ইউনিয়নের আমীর জনাব আব্দুস সবুর। বক্তারা বলেন, দেশের গণতন্ত্রকে শক্তিশালী করতে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা জরুরি।
স্থানীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও জনপ্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ জনসভা ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
