

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে যশোরের ঝিকরগাছা উপজেলায় ‘ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসুন’ প্রতিপাদ্যে একটি সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) সকাল ১০টায় ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. সাফফাত আরা সাঈদের নেতৃত্বে র্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে শুরু হয়ে যশোর-বেনাপোল মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালি শুরুর আগে ইউএনও সাফফাত আরা সাঈদ স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ভবনের আশপাশের ড্রেনেজ ব্যবস্থা, অবাঞ্ছিত গাছপালা ও অস্বাস্থ্যকর পরিবেশ পরিদর্শন করেন। এ সময় তিনি ডেঙ্গুর বিস্তার রোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুর রশিদের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সাফফাত আরা সাঈদ বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই। বাসাবাড়ি, অফিস-আদালত ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার মাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে সবাইকে এগিয়ে আসতে হবে।
উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এবং ডা. আব্দুর রশিদের তত্ত্বাবধানে পরিচালিত এ কর্মসূচিতে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, উপজেলা জামায়াতের নায়েবে আমির হারুন আর রশিদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, ছাত্রবিষয়ক সম্পাদক শাহজাহান আলী, স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল মজিদ, স্বাস্থ্য পরিদর্শক ফারুক হোসেন ও মো. কামরুজ্জামান, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি আখি খাতুন, সহকারী অধ্যাপক কে এম ইদ্রিস আলীসহ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ এবং এডিস মশার বিস্তার রোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
