

যশোর প্রতিনিধি:
কেন্দ্রীয় ছাত্রশিবির নেতা জিসান মিয়ার বিরুদ্ধে ওঠা ধর্ষণ ও আত্মগোপনে থেকে গুমের নাটক সাজানোর অভিযোগের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোর সরকারি সিটি কলেজে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।
রোববার দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ বিক্ষোভ মিছিলটি সরকারি সিটি কলেজ প্রাঙ্গণ প্রদক্ষিণ করে। পরে মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, সদস্য সচিব শাহ নেওয়াজ ইমরান, সিটি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মিজান চৌধুরী, সভাপতি সোহানুর রহমান এবং সাধারণ সম্পাদক ফয়সাল হোসেন তদ্রূপ। এছাড়াও কলেজ শাখা ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, “অপপ্রচার ও পরিকল্পিত নাটক সাজিয়ে ছাত্রদলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার যে অপচেষ্টা চলছে, তা কখনো সফল হবে না। প্রকৃত ঘটনা উদঘাটনে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের আইনের আওতায় আনতে হবে।”
তারা আরও বলেন, কোনো ঘটনার সঠিক বিচার নিশ্চিত করতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার পরিবর্তে তথ্যভিত্তিক তদন্ত জরুরি। একই সঙ্গে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান।
