

নড়াইল প্রতিনিধি:
নড়াইলের সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত চারজন আহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নের বড়কোলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—বড়কোলা গ্রামের খলিল শেখ (৬৫), তার ছেলে তাহাজ্জুদ শেখ (৪০), প্রতিবেশী ফেরদৌস শেখ (৩৩) ও একই গ্রামের ওসিকুর ফকির। নড়াইলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আল মামুন শিকদার চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সিংগাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান মোল্লা এবং অপর সাবেক ইউপি চেয়ারম্যান উজ্জ্বল শেখের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। পূর্ব বিরোধের জের ধরে সোমবার ভোরে খায়রুজ্জামান মোল্লার সমর্থকরা উজ্জ্বল শেখের সমর্থকদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
পরে উজ্জ্বল শেখের সমর্থকরা পাল্টা হামলা চালালে সংঘর্ষ আরও ছড়িয়ে পড়ে এবং উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে চারজনে। নিহতদের মধ্যে বাবা-ছেলেও রয়েছেন, যা ঘটনাটিকে আরও মর্মান্তিক করে তুলেছে।
ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ চলছে।
