

নড়াইল প্রতিনিধি :
বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল জেলা শাখার উদ্যোগে ইউনিয়ন আমীর ও সেক্রেটারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং আগামীর কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
জেলা আমীর আতাউর রহমান বাচ্চু এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-কুষ্টিয়া অঞ্চল টিম সদস্য মওলানা মির্জা আশেকে এলাহি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর জাকির হোসেন বিশ্বাস, জেলা সেক্রেটারী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার, সহকারী সেক্রেটারী জনাব আবুল বাশার এবং জেলা অফিস সম্পাদক ড. খান আব্দুস সোবহান।
এসময় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত আমীর, সেক্রেটারী ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সংগঠনের দাওয়াতি কার্যক্রম আরও বেগবান করতে তৃণমূল পর্যায়ে ঐক্য ও দায়িত্বশীলতা বৃদ্ধি করতে হবে। পাশাপাশি দেশের চলমান পরিস্থিতিতে জনগণের কল্যাণে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
সম্মেলন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
