

যশোর প্রতিনিধি :
যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বলেছেন, একটি আধুনিক ও উন্নত জাতি গঠনের জন্য বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। আর সেই বৈষম্যহীন সমাজ গড়ার অঙ্গীকারই হোক এবারের আন্তর্জাতিক নারী দিবসের মূল প্রতিপাদ্য।
রবিবার (৮ মার্চ) সকাল ১০টায় যশোরের ঝিকরগাছা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বলেন, নারীর সম্মান, মর্যাদা, নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠায় সমাজের প্রতিটি মানুষকে সচেতন ও সোচ্চার হতে হবে। তিনি কবির ভাষা উল্লেখ করে বলেন, “এ পৃথিবীতে যা কিছু সৃষ্টি চির-কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।” তাই দেশের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে নারী-পুরুষকে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, নিজেদের অধিকার আদায়ে নারীদের আগে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও আত্মপ্রত্যয়ী হতে হবে।
ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার মোছা. রনী খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপির সহধর্মিণী ও বিশিষ্ট শিক্ষাবিদ শারমিন ফরিদ।
ছাত্র প্রতিনিধি আঁখি খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অনীতা মল্লিক, ঝিকরগাছা থানার তদন্ত কর্মকর্তা মো. আবু সাঈদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম এবং সাংবাদিক প্রতিনিধি কেএম ইদ্রিস আলী। এছাড়াও শিক্ষক প্রতিনিধি ইলিয়াস উদ্দিন, ছাত্র প্রতিনিধি মাহমুদুল হাসান, পুরস্কারপ্রাপ্ত নারী উদ্যোক্তা রেশমা খাতুন ও রাবেয়া খাতুন এবং অদম্য নারী শারমিন জাহান অনুষ্ঠানে বক্তব্য দেন।
আলোচনা সভা শেষে সফল নারী উদ্যোক্তাদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
