

মনিরামপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের মনিরামপুর উপজেলার ভোজগাতী ইউনিয়নের দোনার গ্রামের দীর্ঘদিনের চলাচল অনুপযোগী রাস্তা নিজ অর্থায়নে নির্মাণ করে দিচ্ছেন জামায়াত নেতা ও আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. শামীম হোসেন। এতে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে এবং প্রশংসা কুড়িয়েছেন তিনি।
দোনার গ্রামের রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়ে ছিল। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি কাদামাটিতে পরিণত হতো। আর ভারী বৃষ্টিতে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ত। ফলে স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ গ্রামের সাধারণ মানুষকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হতো।
রোববার (১৬ আগস্ট) স্থানীয় গ্রামবাসীর উপস্থিতিতে রাস্তা নির্মাণকাজের উদ্বোধন করেন মো. শামীম হোসেন। এর আগে স্থানীয় বাসিন্দারা রাস্তার দুরবস্থার বিষয়টি তাকে অবহিত করলে তিনি সরেজমিনে এলাকা পরিদর্শন করেন।
স্থানীয় আসলাম হোসেন, সোলাইমান হোসেন, আব্দুল বারিকসহ কয়েকজন ভুক্তভোগী জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটি অবহেলিত ছিল। রাস্তা সংস্কারের জন্য বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও কার্যকর উদ্যোগ পাওয়া যায়নি। পরে তারা শামীম হোসেনকে বিষয়টি জানালে তিনি নিজ অর্থায়নে রাস্তা সংস্কারের উদ্যোগ নেন।
স্থানীয়দের দাবি, রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়ায় এখন তাদের দীর্ঘদিনের দুর্ভোগ কিছুটা হলেও কমবে। বিশেষ করে শিক্ষার্থী, রোগী ও বয়স্কদের চলাচলে সুবিধা হবে বলে তারা আশা করছেন।
মো. শামীম হোসেন বলেন, “মানুষের সামান্য উপকার করতে পারা এবং তাদের স্নেহ-ভালোবাসা অর্জন করাটাই আমার কাছে বড় পাওয়া। মানুষের প্রয়োজনের সময় পাশে থাকার চেষ্টা সবসময় থাকবে।”
স্থানীয়রা দ্রুত রাস্তার নির্মাণকাজ শেষ করে টেকসইভাবে চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন।
