

ডেক্স রিপোর্ট :
কাঙ্ক্ষিত পদ না পাওয়ার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর নরসিংদী জেলা শাখার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি থেকে দুই নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তারা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পৃথক স্ট্যাটাস দিয়ে সংগঠন ছাড়ার বিষয়টি নিশ্চিত করেন।
গত ১ মে কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে নরসিংদী জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এতে ছিদ্দিকুর রহমান নাহিদকে সভাপতি এবং মেহেদী হাসান রিফাতকে সাধারণ সম্পাদক করা হয়।
কমিটি ঘোষণার পর শনিবার রাতে সহ-সাধারণ সম্পাদক ওমর ফারুক সোহাগ এবং সদস্য রফিকুল ইসলাম রাব্বি ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দেন।
ওমর ফারুক সোহাগ তার স্ট্যাটাসে অভিযোগ করেন, দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকার পরও তাকে অবমূল্যায়ন করা হয়েছে। তার দাবি, যারা আন্দোলনে কম সক্রিয় বা তার থেকেও জুনিয়র, তাদের গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে। তিনি এ ঘটনাকে অন্যায় উল্লেখ করে ভবিষ্যতে এর জবাব দেওয়ার কথাও জানান।
অন্যদিকে রফিকুল ইসলাম রাব্বি তার পোস্টে জানান, তিনি স্বেচ্ছায় পদত্যাগ করছেন এবং অন্যায়ের বিচার একদিন হবে বলে বিশ্বাস করেন। তিনি তার রাজনৈতিক অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন।
দুই নেতার এই পদত্যাগের ঘটনায় নরসিংদী জেলা ছাত্রদলের অভ্যন্তরে নতুন করে আলোচনা ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
