

*পুরোনো হিসাব চুকিয়ে নতুন আশার খাতা খুলছে গ্রাম বাংলা
বাংলা নববর্ষ এলেই গ্রাম বাংলা ও শহরের অলিগলিতে প্রাণ ফিরে পায় একটি চিরচেনা ঐতিহ্য— হালখাতা। বছরের পুরোনো হিসাব-নিকাশ চুকিয়ে নতুন হিসাব খোলার এই রীতিটি শুধু বাণিজ্যিক লেনদেন নয়, বরং গ্রাম বাংলার সামাজিক ও সাংস্কৃতিক জীবনের অবিচ্ছেদ্য অংশ। আজও পহেলা বৈশাখকে ঘিরে মুদি দোকান, কাপড়ের আড়ত, স্বর্ণের দোকান থেকে শুরু করে নানা পেশার ব্যবসাপ্রতিষ্ঠানে হালখাতার আয়োজন দেখা যায়। যশোরের ঝিকরগাছা থানা গঙ্গানন্দপুর ইউনিয়নের একটি বাজার "ছুটিপুর বাজার"
ইতিহাসবিদদের মতে, হালখাতার প্রচলন শুরু হয় মুঘল আমলে। সম্রাট আকবরের শাসনামলে রাজস্ব ব্যবস্থায় সংস্কার আনা হলে বাংলা অঞ্চলে ফসলি বছরের সঙ্গে মিল রেখে নতুন হিসাব খোলার রীতি চালু হয়। সেই সময় কৃষকরা জমির খাজনা পরিশোধ করতেন বাংলা সনের শুরুতে। এই প্রথা থেকেই ব্যবসায়ীদের মধ্যে বছরের শুরুতে পুরোনো দেনা-পাওনা নিষ্পত্তি করে নতুন খাতা খোলার চল শুরু হয়, যা পরে পরিচিতি পায় ‘হালখাতা’ নামে।
হালখাতা কেবল হিসাবের খাতা বদলের আনুষ্ঠানিকতা নয়; এটি মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের এক অনন্য প্রকাশ। গ্রাম বাংলায় সাধারণ মানুষ সারাবছর দোকানির কাছ থেকে ধারে নিত্যপ্রয়োজনীয় পণ্য নেন। বছরের শেষে বা পহেলা বৈশাখে সেই হিসাব মিলিয়ে দেন। এই সময় দোকানিরা ক্রেতাদের ডেকে পাঠান, পুরোনো বকেয়া পরিশোধের পাশাপাশি নতুন বছরের শুভ কামনা জানান।
হালখাতার দিনে দোকানগুলো সাজানো হয় রঙিন কাগজ, ফুল ও ব্যানারে। অনেক দোকানদার ক্রেতাদের মিষ্টিমুখ করান—কোথাও মিষ্টি, কোথাও মুড়ি-মুড়কি বা লাচ্ছা সেমাই। এই মিষ্টিমুখ শুধু আপ্যায়ন নয়, বরং ব্যবসায়ী ও ক্রেতার মধ্যে পারস্পরিক বিশ্বাস ও সৌহার্দ্যের প্রতীক। নতুন বছরে আবারও আগের মতো লেনদেন চলবে—এই আশ্বাসেরই প্রকাশ ঘটে হালখাতায়।
যুগ বদলেছে, ডিজিটাল লেনদেন ও মোবাইল ব্যাংকিংয়ের ব্যবহার বেড়েছে। তবুও হালখাতার আবেদন কমেনি। অনেক ব্যবসায়ী এখন ডিজিটাল হিসাবের পাশাপাশি প্রতীকীভাবে একটি নতুন খাতা খুলছেন। এতে করে প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলা এই ঐতিহ্য আজও টিকে আছে।
বর্তমান বাংলার ঐতিহ্যে রক্ষা করতে গিয়ে আমাদের (ব্যবসায়িকদের) অনেক লস হচ্ছে, কারণ মানুষ ধারে মাল নিলে এখন আর হালখাতা করতে আসে না, তারা প্রতিবছরের বাকি টাকা সময় মতো পরিষোধ করে না। আমরা নতুন মাল অর্ডার করতে পারিনা, আর বাকিতে মাল না দিলেও বিক্রি হয় না। তাই বর্তমানে আমাদের অনেক ব্যবসায়িক পুজি হারিয়ে লসে পড়ে।
হালখাতা গ্রাম বাংলার অর্থনৈতিক জীবনের পাশাপাশি সামাজিক বন্ধনের এক অনন্য নিদর্শন। পুরোনো হিসাব চুকিয়ে নতুন আশা ও বিশ্বাস নিয়ে এগিয়ে যাওয়ার যে বার্তা হালখাতা দেয়, তা আজও সমানভাবে প্রাসঙ্গিক। পহেলা বৈশাখে হালখাতার আয়োজন তাই শুধু ব্যবসার হিসাব নয়, বরং বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও মানবিক সম্পর্কের এক উজ্জ্বল প্রতিচ্ছবি।
তৌফিকুর রহমান -
