

বাংলাদেশের নারী ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন সাথিরা জাকির জেসি। দেশের প্রথম নারী আম্পায়ার হিসেবে তিনি আসন্ন আইসিসি বিশ্বকাপে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন। জীবনের এ অনন্য অর্জনের খবরটি তিনি পেয়েছেন পবিত্র মক্কায় ওমরাহ পালনের সময়। খবর শোনার পর আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে চোখ ভিজে ওঠে তাঁর।
সাথিরা জাকির জেসি বলেন, “আইসিসি থেকে যখন বিশ্বকাপে আম্পায়ারিংয়ের খবর পেলাম, তখন আমি মক্কায় ছিলাম। এটা আমার জীবনের সেরা মুহূর্তগুলোর একটি। বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারব— এটা ভেবে আমি আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম।”
বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘদিন ধরে নারী আম্পায়ার হিসেবে কাজ করে আসছেন তিনি। স্থানীয় লিগ থেকে শুরু করে আন্তর্জাতিক টুর্নামেন্টেও দায়িত্ব পালন করেছেন। এবার বিশ্বমঞ্চে আম্পায়ার হিসেবে নাম লেখানোয় বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে যুক্ত হলো নতুন মাইলফলক।
বিশ্বকাপে আম্পায়ার হিসেবে সুযোগ পাওয়া শুধু সাথিরা জাকির জেসির ব্যক্তিগত সাফল্য নয়, বরং বাংলাদেশের নারী ক্রীড়াঙ্গনের জন্যও এক অনন্য অর্জন। তাঁর এ অর্জন ভবিষ্যতে আরও অনেক মেয়েকে ক্রিকেট আম্পায়ারিংয়ে উৎসাহিত করবে বলে মনে করছে ক্রীড়া অঙ্গন।
আইসিসির আম্পায়ার তালিকায় নাম অন্তর্ভুক্ত হওয়ায় এখন তিনি বিশ্বকাপের ম্যাচ পরিচালনার জন্য আনুষ্ঠানিকভাবে প্রস্তুতি নিচ্ছেন। দেশের হয়ে বিশ্ব আসরে দায়িত্ব পালন করতে পারা তাঁর জন্য যেমন গর্বের, তেমনি সারা বাংলাদেশের জন্যও বড় সম্মান।
