

বেনাপোল প্রতিনিধি:
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) দিয়ে দেশে আনা হয়েছে টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের (৭০) মরদেহ। রোববার (১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ থানার হরিদাসপুর ইমিগ্রেশন হয়ে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের মাধ্যমে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
এর আগে গত শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে ভারতের কলকাতার দমদম এলাকায় অবস্থিত ফিনিক্স মেডিক্যাল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। মৃত্যুর আগে এক সপ্তাহের বেশি সময় হাসপাতালে ভর্তি ছিলেন এবং শেষ তিন দিন লাইফ সাপোর্টে রাখা হয়।
স্বজনরা জানান, চিকিৎসকদের মতে মাল্টি অর্গান ফেইলিওর ও হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার পাশে স্ত্রী ও এক মেয়ে উপস্থিত ছিলেন। অসুস্থতার খবর পেয়ে তারা মেডিকেল ভিসায় কলকাতায় যান।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরদেহ দেশে আনার জন্য কলকাতায় বাংলাদেশ দূতাবাস থেকে প্রয়োজনীয় অনাপত্তিপত্র (এনওসি) সংগ্রহ করা হয়। মরদেহ সংরক্ষণের জন্য কলকাতার ‘পিস হেভেন’-এ রাখা হয়েছিল।
জানা যায়, রাজনৈতিক প্রেক্ষাপটে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পটপরিবর্তনের পর তিনি দেশত্যাগ করে ভারতে অবস্থান করছিলেন বলে স্থানীয়ভাবে গুঞ্জন ছিল। পরবর্তীতে তিনি কলকাতার নিউটাউনে বসবাস শুরু করেন বলে জানা যায়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-সংশ্লিষ্ট একাধিক মামলা ছিল বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।
জোয়াহেরুল ইসলাম টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার বেড়বাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি স্নাতকোত্তর ও এলএলবি ডিগ্রিধারী এবং পেশায় টাঙ্গাইল আদালতের আইনজীবী ছিলেন। ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে তিনি ছাত্রলীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হন।
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে তিনি টাঙ্গাইল-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। রাজনৈতিক জীবনে সংগঠন শক্তিশালীকরণ এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখেন বলে তার অনুসারীরা জানিয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিজ জন্মভূমি সখীপুরে তাকে দাফন করা হবে। জানাজা ও দাফনের সময়সূচি পরে জানানো হবে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন জানান, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
