

মনিরামপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের মনিরামপুর উপজেলায় আরিফ হোসেন (১৮) নামে এক কিশোরকে নৃশংসভাবে হত্যার পর তার মরদেহ মাছের ঘেরে ফেলে যাওয়ার ঘটনা ঘটেছে। রোববার দিবাগত মধ্যরাতে উপজেলার বালিধা গ্রামের বৈরাগী মোড় সংলগ্ন একটি ঘেরপাড়ে এ ঘটনা ঘটে।
নিহত আরিফ হোসেন ওই গ্রামের গরু ব্যবসায়ী আতিয়ার রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা আরিফকে প্রথমে কুপিয়ে গুরুতর জখম করে এবং পরে শ্বাসরোধ করে হত্যা করে। তার মাথায় একাধিক কোপের চিহ্ন এবং ডান হাতের কব্জি কাটা ছিল। হত্যার পর মরদেহটি আনোয়ার ফকিরের মাছের ঘেরে ফেলে রেখে যায় তারা।
সোমবার সকালে স্থানীয়রা মাছ ধরতে গিয়ে ঘেরের পানিতে ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে মনিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
ঘটনাস্থল থেকে রক্তের দাগ, একটি দিয়াশলাই এবং কিছু নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
নিহতের বাবা আতিয়ার রহমান জানান, রোববার রাত ১০টার দিকে ছেলের সঙ্গে তার শেষ কথা হয়। এরপর সকালে তিনি ছেলের লাশ উদ্ধারের খবর পান।
হত্যার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়দের ধারণা, নেশা ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িত কিছু কিশোর-যুবকের সঙ্গে আরিফের ওঠাবসা ছিল। কোনো বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। এছাড়া সম্প্রতি কেনা একটি দামি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেও তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।
মনিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহিন হোসেন বলেন, “নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।”
পুলিশ জানায়, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
