

নিউজ ডেক্স:
পিরোজপুরের মঠবাড়িয়ায় পশ্চিম মিঠাখালী নেছারিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি পদে জয় পেয়েছেন উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শাহাদাৎ হোসেন ফরাজি। তিনি পিরোজপুর–৩ (মঠবাড়িয়া) আসনে জামায়াতে ইসলামী ঘোষিত এমপি প্রার্থী ও উপজেলা জামায়াতের আমির শরীফ মো. আব্দুল জলিলকে পরাজিত করেছেন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে অনুষ্ঠিত এই নির্বাচনে সাতজন সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন। সংখ্যাগরিষ্ঠ ভোটে শাহাদাৎ হোসেন ফরাজি সভাপতি নির্বাচিত হন। ভোট শেষে প্রিসাইডিং অফিসার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. নজরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
এর আগে সোমবার (১৩ অক্টোবর) মাদ্রাসার অভিভাবক ভোটাররা সাতজন সদস্য নির্বাচন করেন, যারা পরে সভাপতি নির্বাচনে অংশ নেন।
এদিকে, ফলাফল ঘোষণার পর শুক্রবার (১৭ অক্টোবর) মঠবাড়িয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. আবুল কালাম আজাদ। তিনি দাবি করেন, শরীফ মো. আব্দুল জলিল এই নির্বাচনের বিষয়ে অবগত ছিলেন না এবং তার অনুমতি ছাড়া তাকে সভাপতি প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি বলেন, “জলিল সাহেব আগেই জানিয়েছেন তিনি কমিটিতে থাকবেন না। এরপরও কিছু ব্যক্তি তার নাম প্রস্তাব করে বিভ্রান্তি সৃষ্টি করেছে। এখন একটি মহল রাজনৈতিক উদ্দেশ্যে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।”
অন্যদিকে নবনির্বাচিত সভাপতি শাহাদাৎ হোসেন ফরাজি বলেন, “আমি নেছারিয়া দাখিল মাদ্রাসাকে একটি আধুনিক ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই। দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে শিক্ষার মানোন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নে কাজ করব।”
স্থানীয় শিক্ষাবিদ ও অভিভাবকরা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বে মাদ্রাসাটিতে শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে।
