

যশোর প্রতিনিধি:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, শুধু ভালো ফলাফল অর্জন করলেই একজন শিক্ষার্থী প্রকৃত মানুষ হয়ে ওঠে না। শিক্ষা তখনই সার্থক হয়, যখন তা একজন শিক্ষার্থীকে সৎ, নৈতিক, মানবিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তোলে।
তিনি বলেন, “ভালো ফলাফল জীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন হলেও সততা, নৈতিকতা ও মানবিকতা দিয়ে সমাজ ও দেশের কল্যাণে অবদান রাখাই একজন শিক্ষার্থীর প্রকৃত সাফল্য।”
শুক্রবার (২৮ আগস্ট) যশোর পৌর কমিউনিটি সেন্টারে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর শহর শাখার উদ্যোগে আয়োজিত এসএসসি পরীক্ষায় এ প্লাসপ্রাপ্ত শিক্ষার্থীদের বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল ইসলাম সাদ্দাম বলেন, শিক্ষা শুধু ভালো ফলাফল, চাকরি কিংবা অর্থ-সম্পদ অর্জনের মাধ্যম নয়। শিক্ষার মূল উদ্দেশ্য হলো এমন মানুষ তৈরি করা, যারা ন্যায়-অন্যায়ের পার্থক্য বুঝবে, সমাজের প্রতি দায়িত্বশীল থাকবে এবং দেশের কল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতা কাজে লাগাবে।
তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরাই আগামী দিনের সমাজ ও রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই তাদের একাডেমিক সাফল্যের পাশাপাশি নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্ব দিতে হবে।
অনুষ্ঠানে যশোর শহর শাখার সভাপতি উবাইদুল্লাহ হুসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক ড. যায়েদ আহমেদ, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি রিয়াজুর ইসলাম এবং বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সাভার মডেল কলেজের অধ্যক্ষ তৌহিদুল ইসলাম।
অনুষ্ঠানে এ প্লাসপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয় এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবন ও দেশ গঠনে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
