

নিজস্ব প্রতিবেদক, যশোর:
যশোরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল মাহা ইন্টারন্যাশনাল মডেল একাডেমির হিফয বিভাগে আমপারা, নাজেরা ও হিফয বিভাগের ২৬ জন শিক্ষার্থীর সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (১৩ জুন ২০২৬) প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীরা আনুষ্ঠানিকভাবে নতুন সবক গ্রহণ করে।
অনুষ্ঠানে হিফয বিভাগের শিক্ষার্থীদের সবক প্রদান করেন প্রধান অতিথি বাংলাদেশ হিফয ট্রাস্ট যশোরের সভাপতি ও দারুসসালাম মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা জুলফিকার আল মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ আলোচক ও জনপ্রিয় বক্তা শায়েখ সাইফুল্লাহ বিন কোরবান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মাওলানা মাহ্দী হাসান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ হাবিবুর রহমান। পরে অষ্টম শ্রেণির শিক্ষার্থী রেজোয়ান জাবির ইসলামি সংগীত পরিবেশন করেন।
বিশেষ অতিথির বক্তব্যে শায়েখ সাইফুল্লাহ বিন কোরবান বলেন, "শুধু শিক্ষিত হয়ে বড় বড় ডিগ্রি অর্জন করলেই হবে না, বরং আমাদের প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে এবং সেই অনুযায়ী নিজেদের গড়ে তুলতে হবে।"
প্রধান অতিথি হাফেজ মাওলানা জুলফিকার আল মাহমুদ বলেন, "ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য জাগতিক জ্ঞানের পাশাপাশি কুরআন ও হাদিসের জ্ঞান অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠনে কুরআন-হাদিসভিত্তিক মাদ্রাসা শিক্ষার কোনো বিকল্প নেই।"
সভাপতির বক্তব্যে মাওলানা মাহ্দী হাসান বলেন, "জেনারেল শিক্ষার পাশাপাশি আল মাহা হিফয বিভাগ থেকে প্রতি বছর সফলতার সঙ্গে শিক্ষার্থীরা হিফয সম্পন্ন করছে। ভবিষ্যতেও দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আদর্শ নাগরিক গড়ে তোলার এ ধারা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।"
এ সময় প্রতিষ্ঠানের পরিচালক মুজাহিদুল ইসলাম, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
