

নিজস্ব প্রতিবেদক:
যশোরে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজে ৩ দিনব্যাপী বিষয়ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক ও যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম চলবে।
ইন্টারন্যাশনাল পিস ফাউন্ডেশনের ট্রেইনার মুজিবুর রহমান প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করছেন। এতে প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয়ের শিক্ষকরা অংশগ্রহণ করছেন।
কর্মশালায় উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোরের চেয়ারম্যান জি এম আবু ফয়সাল, নির্বাহী সচিব গাউসুল আযম, পরিচালক মোস্তফা কামালসহ প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তারা।
কর্মশালায় বক্তারা বলেন, মানসম্মত ও যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। সময়ের সঙ্গে শিক্ষাব্যবস্থায় নানা পরিবর্তন আসছে। এসব পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষকদের জ্ঞান ও দক্ষতা আরও সমৃদ্ধ করতে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তারা বলেন, প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি শ্রেণিকক্ষে পাঠদান আরও প্রাণবন্ত, আধুনিক ও কার্যকর হবে। এর ফলে শিক্ষার্থীদের শেখার পরিবেশ উন্নত হবে এবং শিক্ষার গুণগত মানও আরও বৃদ্ধি পাবে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ৩ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা শিক্ষকদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমে আরও গতিশীলতা আনবে।
