

যশোর প্রতিনিধি :
যশোরে বাল্যবিয়ে চলাকালে বর-কনেসহ তিনজনকে হাতেনাতে আটক করে মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৬ এপ্রিল) সকালে জেলা আইনজীবী সমিতির ২ নম্বর ভবনের দ্বিতীয় তলা থেকে তাদের আটক করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাওমীদ হাসান ঘটনাস্থল থেকে বর, কনে ও বরের এক বন্ধুকে আটক করেন। এ সময় বিয়ের আয়োজনকারী আইনজীবী মিজানুর রহমান ও সংশ্লিষ্ট কাজী কৌশলে পালিয়ে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ১৭ বছর বয়সী এক কিশোর তার বন্ধুকে সঙ্গে নিয়ে উকিল বারে আসে। সেখানে স্কুল ড্রেস পরা ১৫ বছর বয়সী এক কিশোরীকে কনে হিসেবে আনা হয়। টিকটকের মাধ্যমে পরিচয় হওয়া এই কিশোর-কিশোরীর মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল, যার জের ধরে তারা বিয়ের সিদ্ধান্ত নেয়।
অভিযান শেষে আটক তিনজনকে ডেপুটি কমিশনারের কার্যালয়ে নেওয়া হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে উভয় পরিবারের উপস্থিতিতে শুনানি অনুষ্ঠিত হয়।
আদালত নির্দেশ দেন, ছেলের বয়স ২১ বছর এবং মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তারা বিয়ে করতে পারবে না। এ মর্মে উভয় পরিবারের কাছ থেকে মুচলেকা নেওয়ার পর তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
