

যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমকে কেন্দ্র করে হামলার ঘটনায় দলীয় পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে মেম্বার ডালিমের ভাই আব্দুল আলিমকে। শনিবার রাতে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জাহিদ হাসান টিটোর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল আলিম সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত। এ কারণে তার পদ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তাকে ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
এর আগে শনিবার বিকেলে আরবপুর ইউনিয়নে সদস্য নবায়ন ও সংগ্রহ কর্মসূচি চলাকালে হামলার ঘটনা ঘটে। স্থানীয় নজরুল ইসলাম নামে এক সদস্য ও তার পরিবারকে আলিম, মেম্বার ডালিম এবং তাদের অনুসারীরা মারধর করে বলে অভিযোগ ওঠে। হামলায় নজরুল গুরুতর আহত হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ হামলার ঘটনায় বিএনপির তৃণমূল কর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন বলে জানা গেছে।
এ বিষয়ে উপজেলা বিএনপির নেতারা জানান, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। দলকে সুসংগঠিত করতে হলে সকল পর্যায়ে শৃঙ্খলা বজায় রাখা অপরিহার্য।
এই ঘটনার পর আরবপুর ইউনিয়নে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনার জন্ম নিয়েছে।
