

নিজেস্ব প্রতিনিধি :
আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে নতুন বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন। ইতিমধ্যে রাজনৈতিক দলগুলো এবং তাদের নেতাকর্মীরা নির্বাচনমুখী হতে শুরু করেছেন। ভোটারদের মধ্যেও সম্ভাব্য প্রার্থী নিয়ে চায়ের কাপে ঝড় উঠছে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যশোর-২ (ঝিকরগাছা -চৌগাছা) আসনটি বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। দীর্ঘদিন ধরে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি 'সাবিরা নাজমুল মুন্নী' তৃণমূলের সঙ্গে নিবিড় সম্পর্ক এবং দলের প্রতি অবদানের কারণে এলাকার মানুষের কাছে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন।
সাবিরা নাজমুল মুন্নি সাবেক ঝিকরগাছা উপজেলা পরিষদের সফল ও জনপ্রিয় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ত্যাগী নেত্রী হিসেবে বিএনপিতে তার অবদানও বিশেষভাবে উল্লেখযোগ্য। দলের জন্য তিনি একাধিকবার কারাবরণ করেছেন, হয়রানি ও মিথ্যা মামলার শিকার হয়েছেন।
সাবিরা মুন্নীর রাজনৈতিক ঘনিষ্ঠদের কাছ থেকে জানা যায়, আওয়ামী লীগ আমলে একাধিক হয়রানি ও ষড়যন্ত্রমূলক মামলার আসামি করা হয় তাকে। তার নেতাকর্মীরাও নানা মামলায় আসামি হয়ে বিপর্যস্ত। তাদের মামলার খরচ বহন, হামলা-গ্রেপ্তার এড়াতে পালিয়ে-লুকিয়ে থাকা কর্মীদের সব দায়িত্ব নেন নিজের কাঁধে।
স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বলছেন, এই আসনে যেকোনো শক্তিশালী প্রার্থীকে মোকাবিলায় শহীদ নাজমুল এর পরিবার ও তাদের রাজনৈতিক উত্তরাধিকার 'সাবিরা মুন্নী' যোগ্য প্রার্থী।
