

নিউজ ডেস্ক :
বাংলাদেশ বিশ্বকাপে অংশ না নিলেও ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশের কোটি দর্শকের মতোই উচ্ছ্বাসে মেতে ওঠেন শোবিজ অঙ্গনের তারকারা। সেই তালিকায় বরাবরই আলোচনায় থাকেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। অভিনয়ের ব্যস্ততার মাঝেও ফুটবলের প্রতি তার ভালোবাসা এবং বিশ্বকাপ ঘিরে উন্মাদনা নতুন কিছু নয়।
সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রিয় দল ও প্রিয় খেলোয়াড় সম্পর্কে কথা বলতে গিয়ে অপু বিশ্বাস জানান, তিনি দীর্ঘদিন ধরেই ব্রাজিলের কট্টর সমর্থক। একই সঙ্গে ব্যক্তিগতভাবে দুই ফুটবল মহাতারকা নেইমার ও লিওনেল মেসির প্রতিও রয়েছে তার বিশেষ অনুরাগ।
অপু বিশ্বাস বলেন, “আমি নেইমারকে অনেক পছন্দ করি। তার খেলা, মাঠের উপস্থিতি—সবকিছুই আমার ভালো লাগে। আর ব্যক্তিত্বের দিক থেকে মেসিকে আমার পছন্দ।”
তবে মজার বিষয় হলো, মায়ের পছন্দের দলের বিপরীত শিবিরে অবস্থান ছেলে আব্রাম খান জয়। অপু জানান, জয় আর্জেন্টিনার সমর্থক এবং মেসির বড় ভক্ত।
হাস্যরসের সুরে তিনি বলেন, “আমি ব্রাজিলের কট্টর সমর্থক। যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে। ব্রাজিলের খেলোয়াড়দের খেলায় আলাদা একটা ছন্দ আছে। তবে শুধু ব্রাজিলের সমর্থক হলে তো চলবে না, অন্য দলের সমর্থকও দরকার। তা না হলে খেলা দেখে মজা থাকবে না। আমার ছেলে জয় আর্জেন্টিনা করে, সে মেসির ভক্ত।”
বিশ্বকাপ ফুটবলকে কেবল একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং এক মহা উৎসব হিসেবেই দেখেন এই জনপ্রিয় অভিনেত্রী। তার ভাষায়, বিশ্বকাপ এলেই ঘরে তৈরি হয় ঈদের মতো আনন্দঘন পরিবেশ।
অপু বিশ্বাস বলেন, “বিশ্বকাপ ফুটবল মানেই উত্তেজনায় ভরপুর এক পরিবেশ। বিশ্বকাপকে কেন্দ্র করে ঈদের মতো একটা আমেজ তৈরি হয়। অনেক সময় রান্নাবান্না শেষ করে টেলিভিশনের সামনে বসে যাই। রাত দুইটা-তিনটা বেজে গেলেও দেখা যায় আমরা খেলা দেখছি।”
বিশ্বকাপের উন্মাদনায় যখন বিভক্ত হয় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকরা, তখন অপু বিশ্বাসের পরিবারেও দেখা যায় সেই চিরচেনা ফুটবল দ্বৈরথ। তবে এই ভিন্ন সমর্থনই খেলার আনন্দকে আরও বাড়িয়ে তোলে বলে মনে করেন তিনি। ফুটবলপ্রেমীদের মতো তার কাছেও বিশ্বকাপ মানে আবেগ, উৎসব আর প্রিয়জনদের সঙ্গে ভাগ করে নেওয়া কিছু স্মরণীয় মুহূর্ত।
