

রাঙামাটি প্রতিনিধি:
রাঙামাটিতে জেলা ছাত্রদলের ঘোষিত নতুন কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। রোববার (৩ মে) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাঙামাটি-চট্টগ্রাম সড়ক অবরোধ করে রাখেন তারা। এতে সড়কের উভয় পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে এবং সৃষ্টি হয় দীর্ঘ যানজট।
এর আগে পদবঞ্চিত নেতাকর্মীরা পৌরসভা কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাঠালতলী দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে রূপ নেয়। সেখানে সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান তারা। পরবর্তীতে সড়ক অবরোধ করলে দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে।
বিক্ষোভকারীরা ঘোষণা দেন, বিতর্কিত এই কমিটি বাতিল না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং প্রয়োজনে হরতালের মতো কঠোর কর্মসূচিও দেয়া হবে।
পদবঞ্চিত নেতাকর্মীদের অভিযোগ, দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা ত্যাগী কর্মীদের মূল্যায়ন করা হয়নি। তাদের দাবি, নবগঠিত কমিটিতে মাদক সংশ্লিষ্ট ব্যক্তি, অ-ছাত্র এবং বিবাহিতদের দায়িত্ব দেয়া হয়েছে। এমনকি অর্থ লেনদেন ও উপঢৌকনের মাধ্যমে কমিটি অনুমোদনের অভিযোগও তোলেন তারা।
একজন কর্মী মো. আহাত বলেন, “এই কমিটি আমরা মানি না। দ্রুত বাতিল করে নতুন কমিটি ঘোষণা করতে হবে, না হলে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে।”
এ বিষয়ে জেলা বিএনপির নেতারা জানান, কীভাবে এই কমিটি অনুমোদন দেয়া হয়েছে তা তাদের জানা নেই। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তারা।
উল্লেখ্য, গত ২ মে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের স্বাক্ষরে ২৩ সদস্যবিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়। একই সঙ্গে ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়েছে।
