

ডেক্স রিপোর্ট :
দীর্ঘ ৩২ বছর পর ঢাকা কলেজ ছাত্র সংসদের (ঢাকছাস) কার্যালয়ের তালা খুলে দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ঐতিহ্যবাহী এ ভবনটি উন্মুক্ত করা হয়। এতে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিলেও দ্রুত নির্বাচন না হওয়ায় ক্ষোভও প্রকাশ করেছেন তারা।
ঢাকা কলেজ প্রশাসনের তথ্য অনুযায়ী, ১৯৯০ সালে স্থাপিত এ ভবনে সর্বশেষ ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল ১৯৯৩ সালে। এরপর ১৯৯৪ সাল থেকে ঢাকছাস কার্যালয়ে তালা ঝুলে ছিল। প্রায় তিন দশকেরও বেশি সময় কোনো নির্বাচন না হওয়ায় ভবনটি ছিল অব্যবহৃত ও ময়লা-আবর্জনায় ভরা।
সরেজমিনে দেখা যায়, কার্যালয়ের ভেতরে কাগজপত্রের স্তূপ, ভাঙা চেয়ার-টেবিল আর অগোছালো পরিবেশ। শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ঢাকছাসকে ‘থার্ড পার্লামেন্ট’ বলা হলেও এ ভবনের ভেতরের অবস্থা কোনোভাবেই ছাত্র সংসদের মর্যাদার সঙ্গে মানানসই নয়।
অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রোমান জাবির বলেন, “আমার জন্মের আগেই এ ভবনে তালা দেওয়া হয়েছিল। আজ ভেতরে এসে দেখলাম একেবারে পরিত্যক্ত অবস্থায় আছে। আমরা চাই এ মাসের মধ্যেই প্রশাসন নির্বাচন অনুষ্ঠানের রোডম্যাপ প্রকাশ করুক।”
আরেক শিক্ষার্থী বলেন, “৩২ বছর পর ভবনের তালা খোলার মুহূর্তটা আমাদের জন্য ঐতিহাসিক। আমরা চাই ভবিষ্যতে এটি গণতান্ত্রিক চর্চা, সাংগঠনিক ও সাংস্কৃতিক কার্যক্রমের কেন্দ্র হয়ে উঠুক।”
কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস জানিয়েছেন, ঢাকছাস নির্বাচন আয়োজনের লক্ষ্যে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি করা হবে। তারা গঠনতন্ত্র প্রকাশ ও সংস্কারের কাজ সম্পন্ন করে সক্রিয় ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনায় বসবেন।
উল্লেখ্য, ঢাকা কলেজে সর্বশেষ ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল ১৯৯৩ সালে। সে সময় ছাত্রদল সমর্থিত হারুন-জাবেদ প্যানেল বিজয়ী হয়েছিল।
