

ঝিকরগাছায় জামায়াতের নির্বাচনী সমাবেশ ও শান্তিপূর্ণ মিছিল।
যশোর প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিকরগাছা উপজেলা শাখার উদ্যোগে এক নির্বাচনী সমাবেশ ও শান্তিপূর্ণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) ঝিকরগাছা ব্রিজ সংলগ্ন এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। সমাবেশটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত যশোর-০২ (চৌগাছা–ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। তিনি তার বক্তব্যে বলেন, “ইনসাফভিত্তিক সমাজ ও সুশাসন প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীই একমাত্র বিকল্প। জনগণের ভোট ও সমর্থন পেলে আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করব।”
বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা আরশাদুল আলম বলেন, “বর্তমান রাজনৈতিক সংকট থেকে দেশকে মুক্ত করতে হলে সৎ, যোগ্য ও আমানতদার নেতৃত্ব প্রয়োজন। জামায়াতে ইসলামী সে নেতৃত্ব জনগণের সামনে উপস্থাপন করছে।”
অপর বিশেষ অতিথি অধ্যাপক জয়নাল আবেদীন বলেন, “দেশে ন্যায়বিচার, মানবাধিকার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলনের বিকল্প নেই। আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিকরগাছা উপজেলা আমীর মাওলানা আব্দুল আলীম। সভাপতির বক্তব্যে তিনি নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে কাজ করার আহ্বান জানান এবং ঘরে ঘরে গিয়ে জনগণের কাছে জামায়াতের বার্তা পৌঁছে দেওয়ার নির্দেশনা দেন।
সমাবেশ শেষে একটি শান্তিপূর্ণ মিছিল ঝিকরগাছা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল চলাকালে ইসলামী মূল্যবোধ, ন্যায়ভিত্তিক রাষ্ট্র ও সুশাসন প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই কর্মসূচিটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
