

যশোর প্রতিনিধি:
মেধার স্বীকৃতিতে উচ্ছ্বাস আর আনন্দঘন পরিবেশে যশোরে অনুষ্ঠিত হয়েছে স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান। এ অনুষ্ঠানে জেলার ১০৯ জন মেধাবী শিক্ষার্থীর হাতে বৃত্তি ও সম্মাননা তুলে দেওয়া হয়।
শনিবার শহরের একটি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে আধুনিক শিক্ষাব্যবস্থার চ্যালেঞ্জ তুলে ধরেন এবং প্রাইভেট টিউশনের উপর অতিরিক্ত নির্ভরতা কমানোর আহ্বান জানান।
তিনি বলেন, বর্তমানে স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তি শিশুদের ভবিষ্যতের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। অভিভাবকদের সচেতন হয়ে সন্তানদের প্রযুক্তির ইতিবাচক ব্যবহারে উদ্বুদ্ধ করার পাশাপাশি এর ক্ষতিকর দিক থেকে দূরে রাখার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, গত ৭ নভেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় প্রায় ৩ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। কঠোর যাচাই-বাছাই শেষে ট্যালেন্টপুলে ২৫ জন এবং সাধারণ গ্রেডে ৮৪ জনসহ মোট ১০৯ জন শিক্ষার্থীকে নির্বাচিত করা হয়।
স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের পরিচালক উবাইদুল্লাহ হুসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. আনিচুর রহমান ও ডা. ইমদাদুল হক। এছাড়াও সংগঠনের সদস্য সচিব খালিদ ইবনে খলিল, সহকারী পরিচালক ইসমাইল হুসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাসেল ফারহান।
বক্তারা শিক্ষার্থীদের শুধু একাডেমিক শিক্ষায় নয়, নৈতিকতা ও মানবিক গুণাবলীতে সমৃদ্ধ হওয়ার আহ্বান জানান। তারা বলেন, স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন মেধাবীদের পাশে দাঁড়ানোর একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারণে সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করা হয়।
