
ডেক্স রিপোর্ট :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে রসায়ন বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন জামালপুরের মেধাবী শিক্ষার্থী মো. আব্দুল্লাহ আল মামুন। তবে অর্থাভাবে অনিশ্চিত হয়ে পড়েছিলেন তার ভর্তি। শেষ পর্যন্ত পাশে দাঁড়িয়েছে ইসলামী ছাত্রশিবিরের জাবি শাখা। সংগঠনটি তার ভর্তি সংক্রান্ত সব ব্যয়ভার বহনের দায়িত্ব নিয়েছে।
জানা যায়, জামালপুরের সরিষাবাড়ি থানার নিয়োগীর টাঙ্গোর গ্রামের বাসিন্দা আব্দুল্লাহ শারীরিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী। চার ভাইবোনের মধ্যে তিনি তৃতীয়। তার বাবা মো. সুলতান মিয়া অসুস্থতার কারণে আর কাজ করতে পারেন না। মা হাজেরা বেগম গৃহিণী। পরিবারের আর্থিক সংকটে প্রায় ১৫ হাজার টাকার ভর্তি ফি জোগাড় করা তাদের জন্য অসম্ভব হয়ে দাঁড়ায়।
রোববার সংবাদমাধ্যমে বিষয়টি প্রকাশিত হলে ইসলামী ছাত্রশিবিরের জাবি শাখার নেতারা আব্দুল্লাহর ভর্তির দায়িত্বভার নেন। জাবি শাখার সেক্রেটারি মোস্তাফিজুর রহমান বলেন, “আমরা বিশ্বাস করি প্রতিটি মেধাবী শিক্ষার্থীই পড়াশোনার সুযোগ পাওয়ার অধিকার রাখে। আর্থিক সংকট বা শারীরিক সীমাবদ্ধতা তার শিক্ষাজীবনের অন্তরায় হতে পারে না। আব্দুল্লাহর পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত। তার উচ্চশিক্ষার পুরো যাত্রায় আমরা সহযোগিতা করব।”
এ বিষয়ে আব্দুল্লাহ জানান, “স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েও ভর্তি হতে পারবো কিনা ভেবে হতাশ হয়ে পড়েছিলাম। ছাত্রশিবির আমার ভর্তির দায়িত্ব নিয়েছে— এজন্য আমি কৃতজ্ঞ। এখন আমি পড়াশোনায় মনোযোগ দিয়ে স্বপ্ন পূরণ করতে চাই।”
উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতিবন্ধী কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলছে ৮ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত।


