
২৫ সেপ্টেম্বরের মধ্যে জকসু নীতিমালা পাশের দাবি ছাত্রশিবিরের
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নীতিমালা চলতি মাসের ২৫ সেপ্টেম্বরের মধ্যেই পাশ করার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) চেয়ারম্যানের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির সভাপতি রিয়াজুল ইসলাম।
তিনি অভিযোগ করে বলেন, “ইউজিসি চেয়ারম্যান জানতেনই না যে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে জকসু নীতিমালা পাঠানো হয়েছে। অন্যরা জানলেও চেয়ারম্যান না জানাটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সুস্পষ্ট ব্যর্থতা। প্রশাসনের অবহেলার কারণেই নীতিমালাটি চেয়ারম্যান পর্যন্ত পৌঁছায়নি।”
এসময় তিনি আরও জানান, ইউজিসি চেয়ারম্যান তাদের আশ্বস্ত করেছেন যে আগামী সপ্তাহের প্রথম দিকেই বিষয়টি আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে এবং প্রধান উপদেষ্টার সঙ্গেও এ বিষয়ে কথা বলবেন। যেহেতু আইন মন্ত্রণালয় ইতোমধ্যেই নীতিমালা পর্যালোচনা করেছে, তাই দ্রুত অনুমোদন পাওয়ার কথা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
সংগঠনটির পক্ষ থেকে জোর দাবি জানানো হয়, চলতি মাসের ২৫ সেপ্টেম্বরের মধ্যেই জকসু নীতিমালা পাশ করতে হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জবি শিবিরের সেক্রেটারি আব্দুল আলিম আরিফ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহেদ, অফিস সম্পাদক ইব্রাহীম খলীল, অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমান ও ছাত্রকল্যাণ সম্পাদক মোহাম্মদ ফারুক।
স্টাফ রিপোর্টস


