
নিজস্ব প্রতিবেদকঃ
৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে যশোর জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, যশোর জেলা শাখা। রবিবার (১২ অক্টোবর) সকাল ১১টায় জেলা আমীর অধ্যাপক গোলাম রসুলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের দপ্তরে উপস্থিত হয়ে এ স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে সংগঠনটি আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক সংস্কার ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতের আহ্বান জানায়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর উত্থাপিত ৫ দফা দাবিসমূহ হলো—
১। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি করা এবং উক্ত আদেশের ওপর গণভোট আয়োজন করা।
২। আগামী জাতীয় নির্বাচনে জাতীয় সংসদ ও উচ্চকক্ষে পিআর (Proportional Representation) পদ্ধতি চালু করা।
৩। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সকল রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ বা “লেভেল প্লেয়িং ফিল্ড” নিশ্চিত করা।
৪। বর্তমান সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫। স্বৈরাচারী সরকারের সহযোগী জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা।
এ সময় জেলা জামায়াতের নায়েবে আমীর, সেক্রেটারি, সহকারী সেক্রেটারিসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অধ্যাপক গোলাম রসুল বলেন, “দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও ন্যায়ের সমাজ প্রতিষ্ঠায় আমাদের এই ৫ দফা দাবি জনগণের প্রত্যাশারই প্রতিফলন। সরকার যদি জনগণের মতামতকে শ্রদ্ধা করে, তবে অবিলম্বে এসব দাবির বাস্তবায়নে উদ্যোগ নিতে হবে।”
তিনি আরও বলেন, গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠায় শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে।


