
যশোর প্রতিনিধি:
যশোরের আলোচিত মহিলা লীগ নেত্রী নাসিমা সুলতানা মহুয়াকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার বিকেলে শহরের পালবাড়ি গাজিরঘাট রোডের নিজ বাসভবনে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে ডিবির একটি দল। তিনি ওই এলাকার মৃত সোহরাব আলী খানের মেয়ে।
ডিবি সূত্র জানায়, দীর্ঘদিন ধরে তদন্তাধীন থাকা পুরনো বিএনপি পার্টি অফিস–সংক্রান্ত একটি মামলায় মহুয়ার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়। পরে সোমবার সন্ধ্যার পর আদালতে সোপর্দ করলে বিচারক নাসিমা সুলতানা মহুয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি ডিবির অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁইয়া নিশ্চিত করেছেন।
রাজনৈতিক অঙ্গনে বেশ পরিচিত মহুয়া যশোর জেলা পরিষদ সদস্য প্রার্থী ছিলেন। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ আসনের সংরক্ষিত নারী আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্রও সংগ্রহ করেছিলেন।
উল্লেখ্য, এর আগে তিনি এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণ অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন, যা সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। ঘটনাটি নিয়ে বিভিন্ন মহলে তীব্র সমালোচনাও দেখা দেয়।


