
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি :
যশোরের ঝিকরগাছা থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক রাসেল হোসেন নিখোঁজের প্রায় দুই দিন পর উদ্ধার হয়েছেন। রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি এলাকা থেকে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করেন।
রাসেল হোসেনের বন্ধু ও জিয়া সাইবার ফোর্স ঝিকরগাছা উপজেলা কমিটির আহ্বায়ক জানান, রোববার দুপুর পৌনে দুইটার দিকে তারা খবর পান যে রাসেল হোসেন সাগরদাঁড়ি এলাকায় অবস্থান করছেন। এ তথ্য পেয়ে দ্রুত সেখানে গিয়ে তার ভাই ও স্বজনরা তাকে উদ্ধার করেন।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, “কেশবপুর থেকে রাসেল হোসেনকে উদ্ধার করা হয়েছে। সেখানে পুলিশের ডিবির একটি টিম কাজ করছে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।”
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৬ ডিসেম্বর রাত আনুমানিক ৯টার দিকে ঝিকরগাছা উপজেলার মল্লিকপুর এলাকা থেকে রাসেল হোসেন নিখোঁজ হন। নিখোঁজের পর থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ থাকায় পরিবার ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়।
পারিবারিক সূত্র আরও জানায়, ঘটনার দিন বিকেলে রাসেল হোসেন যশোর শহরের এয়ারপোর্ট কলোনিতে তার শ্বশুরবাড়িতে যান। সেখান থেকে সন্ধ্যায় নিজ গ্রামে ফিরে রাত ৯টার দিকে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
এদিকে রাসেল হোসেন নিখোঁজের প্রতিবাদ ও দ্রুত উদ্ধারের দাবিতে রোববার সকালে যশোর–বেনাপোল মহাসড়ক অবরোধ করেন উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রায় দুই ঘণ্টা সড়কে অবস্থান নেওয়ার পর পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়।
নিখোঁজের ঘটনায় রাসেল হোসেন কীভাবে এবং কোন পরিস্থিতিতে কেশবপুরে পৌঁছান—তা উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।


