
বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর–৪ (বাঘারপাড়া, অভয়নগর ও বসুন্দিয়া) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামি মনোনীত প্রার্থী অধ্যাপক গোলাম রসুল মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার তিনি স্থানীয় নির্বাচন অফিসে রিটার্নিং কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। এ সময় জামায়াতে ইসলামির স্থানীয় নেতৃবৃন্দ, দলীয় কর্মী-সমর্থক এবং তাঁর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। মনোনয়ন দাখিলকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অধ্যাপক গোলাম রসুল বলেন, “আমি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থেকে তাদের দীর্ঘদিনের সমস্যা চিহ্নিত করে স্থায়ী সমাধানে কাজ করতে চাই। উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং জলাবদ্ধতা নিরসন আমার প্রধান অগ্রাধিকার।”
তিনি আরও বলেন, ধর্ম, বর্ণ কিংবা রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে একটি ন্যায়ভিত্তিক ও উন্নয়নমুখী সমাজ গড়াই তাঁর লক্ষ্য। জনগণের কল্যাণে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এদিকে স্থানীয় জামায়াত নেতারা জানান, অধ্যাপক গোলাম রসুলের সততা, গ্রহণযোগ্যতা ও জনসম্পৃক্ততার কারণে নির্বাচনী মাঠে তাঁর প্রতি সাধারণ মানুষের সমর্থন দিন দিন বাড়ছে। তাঁরা আশাবাদ ব্যক্ত করেন, আসন্ন নির্বাচনে যশোর–৪ আসনে ইতিবাচক ফলাফল অর্জন করা সম্ভব হবে।


