
যশোর প্রতিনিধি :
যানজট নিরসন, দখলমুক্ত ফুটপাত নিশ্চিতকরণ এবং ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়নের দাবিতে যশোরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সচেতন নাগরিক সমাজ।
শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ১১টায় সচেতন নাগরিক সমাজের আয়োজনে যশোর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, যশোর শহরে প্রতিদিন যানজট ভয়াবহ আকার ধারণ করছে। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে এবং শিক্ষার্থী, রোগী ও কর্মজীবীদের স্বাভাবিক যাতায়াত ব্যাহত হচ্ছে।
বক্তারা আরও বলেন, ফুটপাত দখলমুক্ত না থাকায় পথচারীদের সড়কে চলাচল করতে হচ্ছে, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। এসব সমস্যা থেকে উত্তরণের জন্য অবিলম্বে ট্রাফিক আইন কার্যকরভাবে বাস্তবায়ন এবং অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের কার্যকর ভূমিকা প্রয়োজন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ), যশোর জেলা শাখার আহ্বায়ক মাহমুদ হাসান, সদস্য সচিব মোঃ সাকিব রহমান, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আমিনুল ইসলাম ও বি এম সাগর হোসাইন, যুগ্ম সদস্য সচিব রিয়াদ হোসেন, এম এম রাফিকুল হাসান এবং মনিরামপুর উপজেলা শাখার সদস্য সচিব জোবায়ের নাইমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকরা।
মানববন্ধন থেকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।


