
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছা উপজেলায় আমগাছ থেকে পড়ে মোহাম্মদ জাকির (২৪) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার মাগুরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ তোফাজ্জল হোসেনের ভাইপো।
বুধবার (২৯ এপ্রিল) সকালে বাড়ির পাশের একটি আমগাছে ডাল কাটার সময় হঠাৎ শারীরিক অসুস্থ হয়ে নিচে পড়ে যান জাকির। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে খুলনায় স্থানান্তরের পরামর্শ দেন।
পরবর্তীতে তাকে খুলনা সিটি হাসপাতালে আইসিইউতে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। সেখানেও অবস্থার অবনতি হলে চিকিৎসকরা ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। তবে পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে তাকে পুনরায় যশোরে নেওয়ার পথে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় তার মৃত্যু হয়। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি ও সংরক্ষিত নারী সংসদ সদস্য সাবিরা সুলতানা। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।
এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


