
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে যশোরের ঝিকরগাছা উপজেলার ২ নম্বর মাগুরা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন আব্দুর রহমান (আবদার)। সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে পোস্টার, ব্যানার ও বিভিন্ন প্রচারণার মাধ্যমে তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চেয়ে সমর্থকরা চালাচ্ছেন ব্যাপক প্রচার-প্রচারণা।
রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা আব্দুর রহমান (আবদার) ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও মাগুরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মরহুম আবু তালিবের সন্তান। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন।
রাজনৈতিক ক্যারিয়ারে তিনি ঝিকরগাছা উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি মাগুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সমাজসেবা ও শিক্ষাবান্ধব কর্মকাণ্ডের জন্যও এলাকায় পরিচিত মুখ আব্দুর রহমান (আবদার)।
এলাকাবাসীর একাংশের মতে, তরুণ, শিক্ষিত ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতৃত্ব হিসেবে আব্দুর রহমান ইউনিয়নের উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন। স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে তার সক্রিয় উপস্থিতি ইতোমধ্যে সাধারণ মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।
যদিও এখনো ইউনিয়ন পরিষদ নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা হয়নি, তবুও সম্ভাব্য প্রার্থীদের প্রচারণায় মাগুরা ইউনিয়নের রাজনৈতিক অঙ্গন ইতোমধ্যেই সরগরম হয়ে উঠেছে। নির্বাচনকে ঘিরে সাধারণ ভোটারদের মধ্যেও শুরু হয়েছে নানা আলোচনা ও হিসাব-নিকাশ।


