
যশোর প্রতিনিধি :
যশোরে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ-এর উদ্যোগে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক ব্যতিক্রমী প্রতীকী হজ শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। রোববার স্কুল অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে ক্ষুদে শিক্ষার্থীরা হজের বিভিন্ন আনুষ্ঠানিকতা প্রতীকীভাবে উপস্থাপন করে।
প্রতিষ্ঠানের প্রিন্সিপাল সারাফাত হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিবুর রহমান। তিনি শিক্ষার্থীদের এই আয়োজনের ভূয়সী প্রশংসা করে বলেন, প্রতীকী হজের মাধ্যমে শিশুদের মনে ছোটবেলা থেকেই হজ পালনের আগ্রহ ও ধর্মীয় মূল্যবোধ তৈরি হচ্ছে।
তিনি আরও বলেন, বর্তমান সমাজে শিক্ষিত মানুষের মধ্যেই অপরাধ ও দুর্নীতির প্রবণতা বাড়ছে। তাই সন্তানকে শুধু ডাক্তার বা ইঞ্জিনিয়ার নয়, একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নৈতিক শিক্ষার বিকাশে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি।
বক্তব্যে তিনি আন্তর্জাতিক ইসলামিক স্কলার ড. জাকির নায়েক-এর উদ্যোগে এক সময় এই ধারার শিক্ষা কার্যক্রম শুরু হয়েছিল বলে উল্লেখ করেন। তৎকালীন সময়ে বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি হলেও ‘পিস স্কুল’ মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে বলেও জানান তিনি। সরকারি স্কুলে বিনামূল্যে পড়ার সুযোগ থাকলেও ভালো মানুষ গড়ার লক্ষ্যেই অভিভাবকরা সন্তানদের এ ধরনের প্রতিষ্ঠানে ভর্তি করাচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহিদুল ইসলাম ও সোহরাব হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী খন্দকার রাশেদুজ্জামান রতন, স্কুলের চেয়ারম্যান আবু ফয়সাল, নির্বাহী সচিব গাউসুল আজম ও এডমিন মোস্তফা কামালসহ প্রতিষ্ঠানের শিক্ষক, পরিচালক ও কর্মকর্তারা।


