
স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরার পাটকেলঘাটায় পাটকেলঘাটা আল-আমিন ফাজিল মাদ্রাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও বিশিষ্ট শিক্ষক মাওলানা শহীদুর রহমানের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি আয়োজিত এ অনুষ্ঠানে মাদ্রাসার সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক এবং অ্যালামনাই সদস্যরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন দীর্ঘদিনের সুনামধন্য শিক্ষক মাওলানা শহীদুর রহমান।
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি জি. এম. হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাওলানা আব্দুল হালিম ও প্রভাষক ইয়াসিন আলী সরদার। এছাড়া উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক এস. এম. জাকির হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফায়সাল, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল জলিল, আইটি বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম মান্না এবং ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. মাসুম বিল্লাহ, মুনিরুজ্জামান, খুররম মুরাদ, হাবিবুর রহমান, আলী আজম সম্রাট, আবু মুসা, শহিদুজ্জামান এবং মাদ্রাসার সাবেক শিক্ষক মোশাররফ হোসেনসহ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অসংখ্য সদস্য।
অনুষ্ঠানে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মাওলানা শহীদুর রহমানের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় বক্তারা তাঁর দীর্ঘ শিক্ষকতা জীবন, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠনে অবদান এবং প্রতিষ্ঠানের উন্নয়নে তাঁর নিরলস ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
বক্তারা বলেন, মাওলানা শহীদুর রহমান শুধু একজন শিক্ষক নন, তিনি ছিলেন শিক্ষার্থীদের আদর্শ ও অভিভাবক। তাঁর স্নেহ, মমতা ও শিক্ষাদান পদ্ধতি বহু শিক্ষার্থীর জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
অনুষ্ঠানে প্রিয় শিক্ষকের স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। উপস্থিতদের মধ্যে ছিল ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতার এক অনন্য পরিবেশ। শেষে মাওলানা শহীদুর রহমান সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া কামনা করেন।
ঈদ পুনর্মিলনী ও বিদায়ী সংবর্ধনার এ আয়োজন সাবেক শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় করেছে বলে অংশগ্রহণকারীরা অভিমত ব্যক্ত করেন।


